প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে

ঢাকায় প্রধান জামাতে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়; দলের সিনিয়র নেতারা সংসদীয় এলাকায় ঈদ করবেন
টুইট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। নামাজ আদায়ের পরে প্রধানমন্ত্রী ঢাকায় কূটনীতিক, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতারা অধিকাংশই নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদ উদযাপন করবেন। ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঈদ উদযাপন শুরু করবেন, পরে নিজ নির্বাচনী এলাকায় যাবেন।
স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় ঈদ করবেন— গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায় ঈদ করবেন। দলের অন্যান্য নেতা বরিশাল, নোয়াখালী, নাটোর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ ও মুন্সিগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।






