নানিয়ারচরে সেনা জোনের ঈদ উপহার বিতরণ

৪১ পরিবারের মাঝে উপহার, পোশাক ও আর্থিক অনুদান; নিরাপদ ঈদ উদযাপনে আশ্বাস!

শহিদুল ইসলাম, প্রতিবেদক: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর উদ্যোগে এলাকার ৪১টি মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোশাক এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নানিয়ারচর সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ সেনা কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় জোনের দায়িত্বাধীন এলাকার ৩০টি মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া ১০ জন গরিব ও অসহায় ব্যক্তিকে ঈদ পোশাক হিসেবে পাঞ্জাবি দেওয়া হয়। একই সঙ্গে একজন অসুস্থ ও অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষ যাতে আনন্দঘন পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই সেনা জোনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ঈদ উপলক্ষে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনী সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, নানিয়ারচর জোনের উদ্যোগে দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।