লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে হবে স্কুলে ভর্তি

সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

টুইট ডেস্ক: সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারিপদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এখন থেকে পরীক্ষার ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়–এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ভর্তি মৌসুম থেকে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, নতুন ভর্তি নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।