নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই: সেতুমন্ত্রী

যাত্রী আকৃষ্ট করতে অনেক মালিক ভাড়া কম নিচ্ছেন

টুইট ডেস্ক: সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অনেক পরিবহন মালিক যাত্রী আকৃষ্ট করতে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নিচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়া যদি ৭০০ টাকা হয়, অনেক পরিবহন মালিক যাত্রী টানতে ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।

বাস পার্কিংয়ে কিছুটা বিড়ম্বনা

টার্মিনালের বাইরে বাস পার্কিং নিয়ে মন্ত্রী বলেন, যাত্রী ও বাসের সংখ্যার তুলনায় টার্মিনালে সব বাস একসঙ্গে পার্কিংয়ের সুযোগ নেই। তাই একটি বাস ছাড়লে আরেকটি বাস ঢুকছে। এতে কিছুটা বিড়ম্বনা তৈরি হলেও শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলান্টিয়ার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা

মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। টার্মিনালে মোবাইল কোর্ট, ভিজিল্যান্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে। কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু ব্যবস্থাপনা জটিলতা থাকতে পারে। তবে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-র মহাসচিব সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা।