জাতির কাছে যেসব ওয়াদা ছিল, পালন করতে পেরেছি: সিইসি

ত্রয়োদশ নির্বাচনে কারচুপির অভিযোগ পায়নি ইসি
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো নির্বাচন কমিশন পালন করতে পেরেছে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নারীরা সংসার সামলানো থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবারের নির্বাচনে নারী কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের পুরস্কৃত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি পরিপন্থী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচনে বেশ কিছু ইতিবাচক দিক দেখা গেছে। পোস্টারবিহীন নির্বাচন আগে কল্পনাতীত ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এতে দেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় এগোবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের অনেক এলাকায় আগে নারী ভোটাররা ভোট দিতে না এলেও এবার তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।






