দিনাজপুর থেকে ৫৪ জেলায় খাল পুনঃখনন উদ্বোধন

দিনাজপুরে ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন; সেচ, জলাবদ্ধতা নিরসন ও গ্রামীণ অর্থনীতি জোরদারের লক্ষ্য।
টুইট ডেস্ক: দেশের ৫৪ জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজের উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করা হবে। এর ফলে কৃষিজমিতে সেচব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
বিশেষজ্ঞরা মনে করছেন, খাল পুনরুদ্ধার হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, বন্যা ও জলাবদ্ধতা অনেকাংশে কমবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।
বাংলাদেশে খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদন বাড়ানো ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। তার উদ্যোগে প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়, যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে সময়ের ব্যবধানে ওই সময়ে খনন করা অনেক খাল ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ায় নতুন করে খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।






