ঈদে মহাসড়কে ভারী যান ৭দিন বন্ধ

১৭–২৩ মার্চ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা; জরুরি যোগাযোগে হটলাইন চালু।
টুইট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে তিন দিন ও ঈদের পর তিন দিন—মোট সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক শিল্পের সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা ১৬১০৭ নম্বরে ফোন করতে পারবেন। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও পরিবহন মালিক-শ্রমিকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।






