বান্দরবানে সুপেয় পানির উদ্যোগ

রমজানজুড়ে পৌরসভার ব্যবস্থায় শহরের ৯ ওয়ার্ডে প্রতিদিন বিকাল পর্যন্ত পানীয় জল সরবরাহ।

বান্দরবান প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে বান্দরবান শহরের মানুষের জন্য সুপেয় পানির বিশেষ ব্যবস্থা করেছে বান্দরবান পৌরসভা। মাসব্যাপী এই উদ্যোগের আওতায় শহরের ৯টি ওয়ার্ডের পাড়া–মহল্লা ও বাজার এলাকাগুলোতে প্রতিদিন বিকাল পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত পানি পৌরসভার নিজস্ব গাড়ির মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই সুপেয় পানির সুবিধা পাচ্ছেন।

বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক বলেন, পৌরসভার এই উদ্যোগের মাধ্যমে শহরের মানুষের সুপেয় পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে। রমজান মাসে রোজাদারদের কথা বিবেচনা করেই এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।

পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। বাজারে আসা নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, গরমের সময় এমন উদ্যোগ শহরের মানুষের জন্য অনেক উপকার বয়ে আনছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় সুপেয় পানির ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।