ওমরাহ ভিসার শেষ সময় ঘোষণা করলো সৌদি

হজ মৌসুমের প্রস্তুতিতে ২০ মার্চ পর্যন্ত ভিসা, ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ বাধ্যতামূলক।
টুইট ডেস্ক: চলতি ১৪৪৭ হিজরি ও ২০২৬ খ্রিস্টাব্দের ওমরাহ মৌসুমের শেষ পর্যায় ঘিরে গুরুত্বপূর্ণ সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ের পর আর ওমরাহ ভিসা ইস্যু, প্রবেশ কিংবা অবস্থানের অনুমতি দেওয়া হবে না।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে শাওয়াল মাসের ১ তারিখ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২০ মার্চ ২০২৬। এই তারিখের পর নতুন করে ওমরাহ ভিসা দেওয়া হবে না।
এ ছাড়া ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে শাওয়াল মাসের ১৫ তারিখ, অর্থাৎ ৩ এপ্রিল ২০২৬। যারা এ সময়ের মধ্যে দেশটিতে প্রবেশ করবেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ সম্পন্ন করে সৌদি আরব ত্যাগ করতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যিলকদ মাসের ১ তারিখ, অর্থাৎ ১৮ এপ্রিল ২০২৬–এর মধ্যে সব ওমরাহ যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর ওমরাহ ভিসায় অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
হজ মৌসুম ঘনিয়ে আসায় সৌদি প্রশাসন প্রতিবছরই ওমরাহ কার্যক্রম ধাপে ধাপে সীমিত করে। এর লক্ষ্য হলো পবিত্র হজের প্রস্তুতি, অবকাঠামো ব্যবস্থাপনা এবং আগত হজযাত্রীদের সেবার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা।
মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ওমরাহ ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। হজ পালনের জন্য অবশ্যই আলাদা বৈধ হজ ভিসা নিতে হবে।
ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সৌদি সরকারের অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম নুশুকের মাধ্যমে নিবন্ধন, অনুমতি ও সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও একই সময়সীমার তথ্য প্রকাশিত হয়েছে। যদিও কিছু সূত্রে ভিসা ইস্যুর শেষ সময় ১৯ মার্চ বলা হয়েছে, তবে সৌদি মন্ত্রণালয়ের ঘোষণায় ২০ মার্চকেই শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে চূড়ান্ত সময়সীমা ধরা হয়েছে।
হজ মৌসুমের আগে প্রশাসনিক কঠোরতা বাড়ার কারণে ওমরাহ পালনে ইচ্ছুকদের দ্রুত আবেদন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।






