রংপুরে ইলেকট্রিশিয়ান হত্যার রহস্যে দুই আসামি আটক

বগুড়া থেকে এক আসামি গ্রেপ্তার, আরেকজন আগে ধরা।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (১৫ মার্চ) বগুড়ার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (১৪ মার্চ) তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়া এলাকা থেকে মাজেদুল ইসলাম (৩২) নামের আরেক আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া রাফিউর রহমান লাবলু উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন মকবুলের ছেলে। অপর আসামি মাজেদুল ইসলাম একই ইউনিয়নের তারাগঞ্জ জদ্দিপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজার সংলগ্ন একটি আলুখেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর অভিযান চালাচ্ছিল। অবশেষে দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।