প্রজন্মের সেতুবন্ধনে নতুন গান ‘ফাঁকি’

পপ তারকা ফেরদৌস ওয়াহিদ ও তরুণ কণ্ঠ খন্দকার বাপ্পির যুগল পরিবেশনা; জীবনের সময়বোধ ও আত্ম-উপল্ধির বার্তা।

টুইট ডেস্ক: বাংলা পপসংগীতের অভিজ্ঞ কণ্ঠ ও নতুন প্রজন্মের শিল্পীর মেলবন্ধনে প্রকাশিত হয়েছে নতুন গান ফাঁকি। কিংবদন্তিশিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং তরুণ গায়ক খন্দকার বাপ্পিরযুগল কণ্ঠে গাওয়া এই গান সম্প্রতি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

গানটিতে জীবনের সময়ের মূল্য, আত্ম-অনুধাবন এবংমানবজীবনের সহজ অথচ গভীর বাস্তবতা তুলে ধরা হয়েছে।গানটির কথায় জীবনদর্শনের একটি শক্তিশালী সুর ধরা পড়ে। গীতিকার তারেক আনন্দের রচনায় উঠে এসেছে আত্মজিজ্ঞাসা ও উপলব্ধির বার্তা “মন উজালা মন উতলা,খেলছো তুমি কিসের খেলা”।

সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন, যেখানে আধুনিক সংগীতধারার সঙ্গে প্রজন্মগত আবেগের সমন্বয় ঘটানোর চেষ্টা দেখা যায়।

গানটির সংগীতচিত্রও দর্শকদের নজর কাড়ছে। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় র‍্যাম্প মডেল ও নৃত্যপরিকল্পক বুলবুল টুম্পা। প্রায় এক দশক পর সংগীতচিত্রে তার প্রত্যাবর্তন এই প্রকল্পকে আরও আলোচনায় এনেছে। নির্মাতাদের মতে, দৃশ্যায়নটি গানের ভাবনাকে প্রাণবন্তভাবে উপস্থাপন করেছে।

গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তাঁর মতে, ‘ফাঁকি’ গানটির মাধ্যমে দুই প্রজন্মের শিল্পীসত্তার একটি সুন্দর সমন্বয় ঘটেছে।

অন্যদিকে খন্দকার বাপ্পি এই কাজকে নিজের সংগীত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

গানটি ইতিমধ্যে বাপ্পির নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে গানটি শ্রোতাদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির যৌথ গান ‘নাচ পাগলা’ও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
সংশ্লিষ্টদের মতে, ‘ফাঁকি’ কেবল একটি গান নয়; এটি সংগীতে প্রজন্মান্তরের সংযোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত, যেখানে অভিজ্ঞতার গভীরতা ও তরুণ উদ্যম একসঙ্গে ধ্বনিত হয়েছে।