ঈদে আসছে ‘বেশি বলে বুলবুলি ২’

প্রথম পর্বের সাফল্যের পর আবারও তটিনী,তৌসিফ জুটি; ঈদুল ফিতরে সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তির প্রস্তুতি।

টুইট ডেস্ক: গত বছরের আলোচিত কমেডি নাটক ‘বেশি বলে বুলবুলি’র ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে নতুন পর্ব ‘বেশি বলে বুলবুলি ২’।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাটকটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান  নির্মাতারা জানিয়েছেন, ঈদ সপ্তাহের যেকোনো দিন নাটকটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রগ্রহণ করেছেন বিশ্বজিৎ দত্ত। প্রযোজক হিসেবে রয়েছেন সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু।

নাটকের প্রধান চরিত্র ‘বুলবুলি’তে আবারও দেখা যাবে তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। তার বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রথম পর্বের মতোই কয়েকজন পরিচিত সহশিল্পীও নতুন পর্বে যুক্ত থাকছেন।
গল্পের কেন্দ্রে রয়েছে বুলবুলির অদ্ভুত এক স্বভাব—অতিরিক্ত কথা বলা। প্রথম পর্বে তার এই অভ্যাসের কারণে শ্বশুরবাড়ির সদস্যরা নানা বিপাকে পড়েছিল। সেই নাটক মুক্তির পর ইউটিউবে বিপুল সাড়া পায় এবং দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
দ্বিতীয় পর্বে গল্পের পরিসর আরও বিস্তৃত করা হয়েছে। এবার বুলবুলির বেশি কথা শুধু শ্বশুরবাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; পাড়া–প্রতিবেশী থেকে শুরু করে স্বামীর কর্মস্থল পর্যন্ত ছড়িয়ে পড়বে। ফলে তৈরি হবে একের পর এক হাস্যকর পরিস্থিতি এবং সংসারে দেখা দেবে নতুন ধরনের জটিলতা।
নির্মাতা রুবেল হাসান মনে করেন, প্রথম পর্বের জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন পর্বটিও দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে। ঈদের পারিবারিক বিনোদনের তালিকায় নাটকটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলেও তার প্রত্যাশা।
প্রসঙ্গত, প্রথম পর্ব ‘বেশি বলে বুলবুলি’ মুক্তির পর ইউটিউবে কয়েক মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় ঈদুল ফিতরে দ্বিতীয় পর্বটি দর্শকদের জন্য একটি সম্ভাবনাময় বিনোদন হিসেবে দেখা হচ্ছে।