জ্বালানি তেলে বিধিনিষেধ তুলে নিল সরকার

ছবি: পাম্প

ঈদযাত্রা ও কৃষি সেচ নির্বিঘ্ন রাখতে সিদ্ধান্ত, চট্টগ্রামে পৌঁছেছে নতুন তেলের জাহাজ।

টুইট ডেস্ক: জ্বালানি তেলের বিক্রির ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৫ মার্চ) রাজধানীতে এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া সাময়িক বিধিনিষেধ এখন তুলে নেওয়া হয়েছে। সামনে ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং কৃষি সেচ কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি জানান, নতুন করে কয়েকটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আর বিক্রিতে সীমা রাখার প্রয়োজন নেই বলে সরকার মনে করছে।

এর আগে শনিবার সরকার ঘোষণা দেয়, রোববার থেকে জ্বালানি তেল কেনার সীমা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারে সরবরাহ কমে যাওয়ায় দেশে পেট্রল, অকটেন ও ডিজেলের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে গত ৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করা হয়। শুরুতে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ দুই লিটার করে তেল বিক্রির অনুমতি ছিল। পরে গত ১০ মার্চ ‘ভাড়াভিত্তিক যাত্রী পরিবহন’ মোটরসাইকেলের ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে পাঁচ লিটার করা হয়।

এদিকে ফিলিং স্টেশনগুলোতে ৭ মার্চ থেকে চাহিদার তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহ দেওয়া হচ্ছিল। পরে ১১ মার্চ থেকে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়।

সরকারের আশা, নতুন জ্বালানি সরবরাহ পৌঁছানো এবং বিধিনিষেধ প্রত্যাহারের ফলে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ঈদকে ঘিরে পরিবহন ও কৃষি কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।