জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

আজ থেকেই রেশনিং পদ্ধতি বন্ধ, চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত
টুইট ডেস্ক: জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ আজ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকার জানিয়েছে, আজ থেকেই সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সম্ভাব্য সংকট মোকাবেলায় পূর্বে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ইতোমধ্যে আমদানিকৃত জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন বিবেচনায় সকল বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
এর আগে ৬ মার্চ তেলের রেশনিং কার্যকর করা হয়েছিল। সে অনুযায়ী, মোটরসাইকেলে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে দিনে ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০–২২০ লিটার বিক্রির বিধান ছিল। পরে রাইডশেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয় এবং রেশনিং কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।






