নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

নারী এগোলে দেশ এগোয় নারী দিবসের অনুষ্ঠানে মন্তব্য
টুইট ডেস্ক: সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৫ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়।” তিনি বলেন, বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর এবং নারীদের শিক্ষা অবৈতনিক করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার কাজ করছে এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারী নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে।
এ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আনসার ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্ত করেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেন।
মন্ত্রী বলেন, সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে দেশের মেডিকেল কলেজগুলোতে প্রায় ৬২ শতাংশ শিক্ষার্থী নারী। তিনি আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে না হয়।






