নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ২০

সৈন্যদের ওপর অতর্কিত আক্রমণের পর গ্রামে ঢুকে গবাদি পশু লুট; বাড়ছে নিরাপত্তা সংকট

টুইট ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলার পর তারা একটি গ্রাম থেকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে গেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় উন্নয়ন সংস্থা কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার মধ্যাঞ্চলীয় প্লাতু রাজ্যর একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা নিয়মিত টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। গোলাগুলির সময় ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন। এ সময় আরও ৮ জন গ্রামবাসী প্রাণ হারান।

এরপর হামলাকারীরা পাশের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। সংস্থাটি বলেছে, এই হামলা আগে থেকেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

নাইজেরিয়ার গ্রামাঞ্চলে যেসব সশস্ত্র গোষ্ঠীকে স্থানীয়রা ‘ডাকাত’ বলে উল্লেখ করে, তারা প্রায়ই গ্রামগুলোতে হামলা চালিয়ে হত্যা, অপহরণ এবং মুক্তিপণের জন্য লুটপাট করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে বিদ্রোহ, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং বিভিন্ন নিরাপত্তা সংকটে জর্জরিত।

দেশটির সেনাবাহিনী চরমপন্থী ইসলামপন্থী সহিংসতার বিস্তার ঠেকাতে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।