৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায়: শিক্ষামন্ত্রী

নৈতিক শিক্ষার উন্নয়নে সব ধর্মের শিক্ষক নিয়োগের পরিকল্পনা
টুইট ডেস্ক: সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এতে শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনতে একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর করা এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার এগুলোর মানোন্নয়নে কাজ করছে এবং নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রয়োজন অনুযায়ী বিবেচনা করা হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে এবং আগের আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে এবং ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা রোববার থেকেই শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।






