সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৭৪ পৃষ্ঠার রায়
টুইট ডেস্ক: সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন বা বিয়োজন করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক। তার দাবি, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনৈতিক ফায়দা লুটতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, যা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর ছিল।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বিএনপি সরকারের সময় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে এই ব্যবস্থার বিলোপ ঘটে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারকরা হলেন— মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।






