জামায়াত আমিরকে থামালেন স্পিকার

প্রশ্নোত্তর পর্বে সুযোগের বাইরে কথা বলতে চাইলে হস্তক্ষেপ

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে চাইলে জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সুযোগ দেওয়া হলে এ সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে চান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদের প্রথম দিনের আলোচনায় বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠনের বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।

এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।