বান্দরবানে তিন দিনব্যাপী শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান শুরু

সাঙ্গু নদীর তীরে হাজার প্রদীপ, আরতি ও স্নানে ভক্তদের মিলনমেলা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসব শুরু হচ্ছে। সাঙ্গু নদীর তীরে আশীর্বাদ সংঘের আয়োজনে এ বছর উৎসবটি ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে।

আয়োজকরা জানান, আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ তিন দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই পূজা ও স্নান উৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পাপমোচন, শান্তি ও কল্যাণের এক পবিত্র আয়োজন হিসেবে বিবেচিত।

উৎসব উপলক্ষে সাঙ্গু নদীর তীরে গঙ্গা পূজা, বারুণী স্নান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আরতি, ভজন-কীর্তন এবং নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদীর তীরজুড়ে ভক্তদের অংশগ্রহণে সৃষ্টি হবে এক পবিত্র মিলনমেলা।

আয়োজক সংগঠন আশীর্বাদ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য অসীম রায় (অশ্বিনী) বলেন, “এক যুগ পেরিয়ে বান্দরবানের গঙ্গা পূজা আজ ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে। ভক্তি, পবিত্রতা ও ঐতিহ্যের মিলনে এই আয়োজন প্রতি বছর আরও সমৃদ্ধ হয়ে উঠছে।”

তিনি আরও বলেন, “গঙ্গার স্নিগ্ধ স্রোতধারায় ধুয়ে যাক সকল ক্লান্তি ও অশুভতা। হাজার প্রদীপের আলোকমালা, মহানামযজ্ঞ, গঙ্গা আরতি এবং সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে সাঙ্গু নদীর তীর।”

উৎসবের শেষ দিনে আগামী ১৮ মার্চ সকাল ৮টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানিয়েছেন, পরিবার-পরিজনসহ সকল ভক্ত ও দর্শনার্থীদের এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবটি ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন তারা।