গোয়ালঘরে পেট্রল-অকটেন: দেড় হাজার লিটার জব্দ

কৃত্রিম সংকট তৈরির অভিযোগ; সুজানগরে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা!
টুইট ডেস্ক: গবাদিপশুর গোয়ালঘর ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে পাবনার সুজানগরে। গোয়ালঘরে ড্রামভর্তি করে রাখা হয়েছিল পেট্রল ও অকটেন। অভিযানে প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মার্চ) পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে পরিচালিত বিশেষ অভিযানে ‘খান এন্টারপ্রাইজ’-এর মালিক সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায়ের পরিকল্পনা করেছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চিনাখড়া বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
অভিযান টের পেয়ে দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন সন্টু ইসলাম। পরে দোকানের পেছনের পথ দিয়ে তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান কর্মকর্তারা। এ সময় গোয়ালঘরের ভেতর ড্রামভর্তি বিপুল পরিমাণ পেট্রল ও অকটেন পাওয়া যায়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এটি নিয়মিত বাজার তদারকির অংশ। এদিন চিনাখড়া ও আতাইকুলাসহ চারটি বাজারে মোট ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে বিক্রি ও অবৈধ মজুতের দায়ে এসব প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






