টিটি দলে জায়গা পেতে ৩২ জনের লড়াই

কমনওয়েলথ মিশন সামনে রেখে ঢাকায় সিলেকশন ট্রায়াল

টুইট প্রতিবেদক: আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এ লক্ষ্যে ৩২ জন খেলোয়াড়কে নিয়ে আয়োজন করা হচ্ছে সিলেকশন ট্রায়াল, যার মধ্য দিয়ে গড়ে তোলা হবে জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াড।

রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে আগামী ১ থেকে ৪ এপ্রিল চার দিনব্যাপী এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় এতে অংশ নেবেন।

প্রতিযোগিতা হবে লিগ পদ্ধতিতে, যেখানে প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ দেওয়া হবে।
ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী ট্রায়াল শেষে দুই বিভাগ থেকে শীর্ষ ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে।

সেই ক্যাম্পে দীর্ঘ প্রস্তুতি ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে পাঁচ সদস্যের পুরুষ দল এবং পাঁচ সদস্যের মহিলা দল নির্বাচন করা হবে।

এই দলই আগামী জুলাইয়ে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে

দেশের প্রতিনিধিত্ব করবে।
জাতীয় দলের প্রস্তুতির মান উন্নত করতে বিদেশি কোচ নিয়োগের উদ্যোগও নিয়েছে ফেডারেশন। এ বিষয়ে ভারতের একজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষকের সঙ্গে আলোচনা চলছে।

শর্তাবলি চূড়ান্ত হলে এপ্রিল থেকেই জাতীয় দলের পূর্ণাঙ্গ প্রস্তুতি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল নির্বাচনে ‘প্রশিক্ষণ ও পরীক্ষা’ ভিত্তিক সিলেকশন লিগ পদ্ধতি অনুসরণের নীতি নেওয়া হয়েছে।

তার মতে, এই পদ্ধতিতে খেলোয়াড়দের ম্যাচ,মনোভাব গড়ে ওঠে এবং প্রতিযোগিতার চাপ সামলানোর মানসিক সক্ষমতাও বাড়ে।

এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যস্ত সূচির মধ্যে রয়েছে দেশের জুনিয়র দলও। আগামী ৮ থেকে ১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ জুনিয়র দল। সেই লক্ষ্যেই খেলোয়াড়রা বর্তমানে বিকেএসপিতে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে।

প্রতিযোগিতার প্রস্তুতির স্বার্থে খেলোয়াড়দের মাত্র তিন দিনের ঈদের ছুটি দেওয়া হয়েছে। খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল ও জয় ইসলামের জন্য এটি হবে শেষ জুনিয়র টুর্নামেন্ট। শিমলায় যাত্রার আগে জুনিয়র দলের চারজন বালক ও চারজন বালিকা খেলোয়াড়কে কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রস্তুতির এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের টেবিল টেনিস আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।