অস্কারে মনোনয়ন, তবু যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

ভিসা ইস্যুতে নীরব মার্কিন পররাষ্ট্র দপ্তর, অস্কার ডাকলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না মোতাজ।
টুইট প্রতিবেদক: এবারের অস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পাওয়া ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার অভিনেতা মোতাজ মালহিস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তার যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন এই ফিলিস্তিনি অভিনেতা। তিনি জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মোতাজ মালহিস অভিনয় করেছেন একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে, যিনি বিপদের মুখে পড়া শিশুটিকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন।
অস্কারের মতো বিশ্বমঞ্চে নিজের অভিনীত সিনেমার প্রতিনিধিত্ব করতে না পারা তাকে হতাশ করেছে বলেও জানান এই অভিনেতা।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মোতাজ মালহিসের ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।






