অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবলে কর্ণফুলী জোন চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বান্দরবানকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জয়; বর্ণাঢ্য আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ।

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ মৌসুমের কর্ণফুলী জোনের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে বান্দরবান জেলা দলকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৭ দল।

শনিবার (১৪ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বাফুফের সদস্য মো. সালাউদ্দিন এবং জাতীয় যুব কোচ জাহাঙ্গীর আলম মিন্টুসহ ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে গত ৫ মার্চ বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।

চট্টগ্রাম বিভাগের আটটি জেলার অনূর্ধ্ব–১৭ দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। টুর্নামেন্টজুড়ে তরুণ ফুটবলারদের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।