মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তথ্য দিলে সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার
টুইট ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলেও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীন পরিচালিত ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস-এর ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখার নেতৃত্বে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক ব্যানারে কয়েকজনকে ‘ইরানি সন্ত্রাসী নেতা’ উল্লেখ করে তাদের সম্পর্কে তথ্য চেয়েছে। সেখানে মোজতবা খামেনির পাশাপাশি আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।
তালিকায় রয়েছেন-
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমায়েল খতিব
উপপ্রধান কর্মকর্তা সৈয়দ আলী আসগর হিজাজি
মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি
স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি
জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ব্যক্তির অবস্থান বা তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে তথ্যদাতারা আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগও পেতে পারেন। তথ্য দিতে এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের নিরাপদ চ্যানেল ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।






