ঈদের আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী

যানজট ও ভিড় এড়াতে আগেভাগেই বাড়ির পথে মানুষ, রেলস্টেশনে বাড়ছে যাত্রীর চাপ।

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটি শুরু হলে বাড়তি ভিড় ও যানজটের আশঙ্কা থাকায় অনেকেই আগে থেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। আবার কেউ কেউ নিজে পরে গেলেও পরিবারের সদস্যদের আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

ঘরমুখো যাত্রীরা জানান, ঈদের সময় অতিরিক্ত ভিড় ও দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে যাত্রা শুরু করেছেন। এতে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায় বলেও মনে করছেন তারা।

রাজধানীর বিভিন্ন রেলস্টেশনে ইতোমধ্যে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেলেও অন্যান্য ট্রেন নির্ধারিত সময়ের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই স্টেশন ত্যাগ করেছে।

অন্যদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এখনো তেমন যাত্রীচাপ দেখা যায়নি। টার্মিনালে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনো অনেক অফিস-আদালত খোলা থাকায় যাত্রীচাপ বাড়েনি। ঈদের ছুটি শুরু হলে বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।