নিভে গেল ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ ‘মিমো’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমোর মৃত্যুতে ক্রীড়া মহলে শোক • বিকেএসপি ও অ্যাথলেটিকস অঙ্গনে রেখে গেলেন সমৃদ্ধ অবদান।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ শামীমা সাত্তার মিমো আর নেই। দেশের অ্যাথলেটিকস অঙ্গনের এই নিবেদিতপ্রাণ সংগঠক, কোচ ও সাবেক অ্যাথলেট শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
অ্যাথলেট হিসেবে ক্রীড়া জীবন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বহু পরিচয়েঅ্যাথলেট, প্রশিক্ষক, বিচারক ও ক্রীড়া সংগঠক হিসেবে। প্রতিটি ক্ষেত্রেই ছিল তার সক্রিয় ও নিবেদিত উপস্থিতি। বিশেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালনকালে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
এ কারণেই দেশের বহু ক্রীড়াবিদের কাছে তিনি ছিলেন স্নেহময় ‘মিমো ম্যাডাম’।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ভার্টিগো ও হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস আগে তার চলাফেরা ও মানুষ চিনতে সমস্যাও দেখা দিয়েছিল। কিছুটা সুস্থ হয়ে আবার ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু হঠাৎ এই মৃত্যু ক্রীড়ামহলকে গভীরভাবে শোকাহত করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মিমোর শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকার বাসভবন থেকে তার মরদেহ নেওয়া হচ্ছে দিনাজপুরে। সেখানেই বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্প ইভেন্টে দীর্ঘদিন আধিপত্য ছিল তার। পাশাপাশি স্প্রিন্ট প্রতিযোগিতাতেও জিতেছেন একাধিক পদক। জাতীয় পর্যায়ে তার অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।
কোচ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে কর্মজীবন শুরু করার পর তিনি বিকেএসপিতে যোগ দেন। দিনাজপুর বিকেএসপি গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। চাকরি জীবন শেষ হওয়ার পরও তিনি অ্যাথলেটিকস ও তিরন্দাজি ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন অ্যাথলেটিকসে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জীবনের পুরোটা সময় তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তার এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছে অ্যাথলেটিকস, তিরন্দাজি ও বিকেএসপিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং ক্রীড়াবিদেরা।






