প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন

প্রায় ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের জন্য পরীক্ষামূলক মাসিক ভাতা কার্যক্রমের উদ্বোধন
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের প্রায় সাড়ে ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য পরীক্ষামূলক মাসিক ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের সম্মানি প্রদান করা হবে।
ভাতা ব্যবস্থাপনায় প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে: ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। প্রতিটি মন্দিরের জন্য ৮,০০০ টাকা-পুরোহিত ৫,০০০ এবং সেবাইত ৩,০০০ টাকা। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮,০০০ টাকা-অধ্যক্ষ ৫,০০০ এবং উপাধ্যক্ষ ৩,০০০। প্রতিটি চার্চের জন্যও ৮,০০০ টাকা-যাজক ৫,০০০ এবং সহকারী যাজক ৩,০০০।
প্রধানমন্ত্রী জানান, খ্রিস্টান ধর্মের ক্যাথলিক ধারা অনুযায়ী সরকারি ভাতা গ্রহণ নিষিদ্ধ থাকায় গির্জার যাজকরা এটি প্রত্যাখ্যান করেছেন। তবে ক্যাথলিক ধারার বাইরে থাকা খ্রিস্টান যাজকরা চাইলে ভাতা নিতে পারবেন। এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।






