ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু

ফ্যামিলি কার্ড চালু, বৈশাখে আসছে কৃষক কার্ড; দিনাজপুরে শুরু হবে খাল খনন কর্মসূচি।
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে বাংলাদেশকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা মানুষের স্বাধীনতা কিংবা কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না।”
তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল করে রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। তাই সরকার ধীরে ধীরে জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কল্যাণের পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্যও প্রার্থনার কথা পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। তিনি ধর্মীয় নেতাদের নিজ নিজ শিক্ষা, অভিজ্ঞতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এদিকে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে সরকারি ভাতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার কিছু যাজক।






