এশিয়ান কাপে নতুন স্বপ্ন বাংলাদেশের মেয়েদের

অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের নিয়ে অনূর্ধ্ব-২০ দলে গড়া শক্তি; গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্য।
টুইট প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে প্রথমবার অংশ নেওয়ার অভিজ্ঞতা শেষ হতে না হতেই নতুন মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।
এবার লক্ষ্য অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। বয়সভিত্তিক এই মহাদেশীয় প্রতিযোগিতাতেও ইতিহাসে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের মেয়েরা।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে প্রথমবার অংশ নেয় বাংলাদেশের সিনিয়র নারী দল। সেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
চীনের কাছে ২–০, উত্তর কোরিয়ার কাছে ৫–০ এবং উজবেকিস্তানের কাছে ৪–০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করে দলটি। তবে সেই প্রতিযোগিতা থেকে পাওয়া আন্তর্জাতিক অভিজ্ঞতাকেই সামনে রেখে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী ১ এপ্রিল থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে থাকবেন সিনিয়র দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তার সঙ্গে সিনিয়র দলের আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে রাখা হয়েছে অনূর্ধ্ব-২০ দলে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে তারা ইতোমধ্যে অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের সঙ্গে একই গ্রুপে পড়েছে লাল-সবুজের দল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪ এপ্রিল চীনের বিপক্ষে এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে খেলবে দলের মেয়েরা।
দলের অধিনায়ক আফঈদা খন্দকার মনে করেন, সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে সিনিয়র এশিয়ান কাপে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবার দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। তার ভাষায়, অনূর্ধ্ব-২০ দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় সম্প্রতি মহাদেশীয় আসরে খেলেছে, যা বড় প্রতিযোগিতায় মানিয়ে নিতে সহায়তা করবে।
তিনি বলেন, দল কঠিন গ্রুপে পড়েছে ঠিকই, কিন্তু লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামবে সবাই। লক্ষ্য থাকবে ভালো ফুটবল খেলে গ্রুপ পর্ব পার হওয়ার। বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রযাত্রা ধরে রাখতে এই প্রতিযোগিতায় ভালো ফল পাওয়াই এখন দলের প্রধান লক্ষ্য।






