সাভারে সেনা অভিযানে মাদকসহ আটক ২

বক্তারপুর ও বেদে পল্লীতে অভিযান, ইয়াবা-হেরোইন-গাঁজাসহ নগদ অর্থ উদ্ধার।

সাভার প্রতিনিধিঃ  ঢাকার সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্র জানায়, সাভারের বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অভিযান চালালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে প্রায়ই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১টার দিকে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আটক ব্যক্তি বিকাশ রাজবংশী (২২)। তার পিতার নাম মহেশ রাজবংশী। তিনি সাভারের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ রাজবংশী জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে। গুরুত্বপূর্ণ এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল বিলম্ব না করে বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন।

আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।