রানআউট বিতর্কে মিরাজ

আইনে বৈধ হলেও ‘ক্রিকেটের স্পিরিট’ ঘিরে নতুন আলোচনা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম বনাম খেলোয়াড়সুলভ মানসিকতা এই চিরন্তন বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার করা একটি রানআউট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে। অফ স্টাম্পের বাইরে করা লেংথ বল সোজা ব্যাটে ঠেকিয়ে দেন মোহাম্মদ রিজওয়ান। বলটি পিচের সামনে থেমে গেলে মিরাজ দ্রুত এগিয়ে এসে নিজের ডানদিকে পা দিয়ে সেটি থামান। ঠিক তখন নন স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আলী আগা বলটি তুলতে ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে আসেন।

এই সুযোগে মিরাজ দ্রুত বল তুলে নন স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন। রিপ্লেতে দেখা যায়, তখনও আগা পপিং ক্রিজের বাইরে ছিলেন। ফলে মিরাজ আউটের আবেদন করলে মাঠের আম্পায়ার বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। প্রযুক্তিগত যাচাই শেষে আম্পায়ার রানআউটের সিদ্ধান্ত দেন।

সিদ্ধান্তটি ক্রিকেট আইনে সম্পূর্ণ বৈধ হলেও ঘটনাটি মাঠে উত্তেজনার সৃষ্টি করে। আউট ঘোষণার আভাস পেয়ে অসন্তোষ প্রকাশ করেন আগা। মাঠ ছাড়ার সময় তিনি হেলমেট ও গ্লাভস সীমানা লাইনের বাইরে ছুড়ে ফেলেন।

এ সময় বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের সঙ্গে তার কথাকাটাকাটিও হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন রিজওয়ান।

ঘটনাটি নিয়ে ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি মন্তব্য করেন, বলটি বোলারের কাছে ফেরানোর আগে আগার ক্রিজের ভেতরে থাকা উচিত ছিল। তার মতে, এটি মূলত ব্যাটারের অসতর্কতার ফল।

তবে ক্রিকেটের নিয়মে আউট বৈধ হলেও অনেকের মতে, খেলোয়াড়সুলভ মানসিকতার প্রশ্নে ঘটনাটি বিতর্ক তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন, মিরাজ চাইলে আপিল না করেও পরিস্থিতি সামাল দিতে পারতেন।

অন্যদিকে অনেকে বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে দলের স্বার্থই সবার আগে এবং নিয়মের মধ্যে থেকেই তিনি কাজটি করেছেন ক্রিকেটে ‘স্পিরিট অব দ্য গেম’ বা খেলাধুলার নৈতিকতার প্রশ্নে এমন বিতর্ক নতুন নয়।

তবে সাম্প্রতিক এই ঘটনাটি আবারও সেই পুরোনো প্রশ্ন সামনে এনে দিয়েছে নিয়মই শেষ কথা, নাকি খেলোয়াড়সুলভ আচরণই ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য?