পাকিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে ১২৮ রানের বড় জয়; ব্যাটিং বিপর্যয়ে সিরিজে সমতা।

টুইট প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে স্বাগতিকদের ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

টসে জিতে আগের ম্যাচের সাফল্য ধরে রাখতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে এবার শুরুতে সাফল্য আসেনি বাংলাদেশের বোলারদের। পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে গড়েন ১০৩ রান।

বিশেষ করে মাজ সাদাকাত ছিলেন দুর্দান্ত ছন্দে। ৪৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ফারহান ৪৬ বলে ৩১ রান করেন। এরপর শ্যামিল হুসেইন দ্রুত বিদায় নিলেও পাকিস্তানের রান তোলার গতি ধরে রাখেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ১০৯ রান। সালমান আগা ৬২ বলে ৬৪ রান করার পর মেহেদি হাসান মিরাজের হাতে রানআউট হয়ে ফেরেন। এক বল পর বিদায় নেন রিজওয়ানও। তিনি করেন ৫৯ বলে ৪৪ রান। শেষদিকে বাংলাদেশের বোলারদের চাপে পাকিস্তানের ইনিংস থামে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। তিনি ৫৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩৪ রানে নেন ২ উইকেট।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানে হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে ২৭ রানে তিন উইকেট থাকা অবস্থায় বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে।

খেলা শুরু হলে লিটন দাস ৩৩ বলে ৪১ রান করে লেগ-বিফোরের ফাঁদে পড়েন মাজ সাদাকাতের বলে। তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

আফিফ হোসেন ধ্রুব ১৫ বলে ১৪ রান করেন, আর অধিনায়ক মিরাজ করেন মাত্র ১ রান। তাওহিদ হৃদয় ৩৮ বলে ২৮ রান করলেও দলকে টেনে তুলতে পারেননি।

পাকিস্তানের বোলিং আক্রমণে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২৩.৩ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ২৩ রানে ৩ উইকেট নেন। হ্যারিস রউফ ২৬ রানে ৩ উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি ২২ রানে ২ উইকেট শিকার করেন।ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মাজ সাদাকাত।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান – ২৭৪ (৪৭.৩ ওভার)
বাংলাদেশ – ১১৪ (২৩.৩ ওভার)
ফলাফল: পাকিস্তান ১২৮ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ম্যাচসেরা: মাজ সাদাকাত।