ঈদে ফিরছে ‘আরেফিন’, নতুন চমক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ

আট পর্বের ঈদ বিশেষ অধ্যায়ে পুরোনো গ্যাংয়ের পুনর্মিলন, বাড়ছে দর্শকের আগ্রহ।
টুইট ডেস্ক ঈদের আনন্দ আরও দ্বিগুণ করতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর আনকোরা নতুন পর্ব। চ্যাপ্টার ১০–এ ফিরছেন জনপ্রিয় চরিত্র আরেফিন, যার জন্য দর্শকরা বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আগের পর্বের রেশ থেকে শুরু হয়ে এবার দেখানো হবে আরও বেশি হাসি, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত ঘটনা।
পরিচালক কাজল আরেফিন অমি জানান, “আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের ‘অরিজিনাল গ্যাং’ অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্বের বরফ গলিয়ে নেহালের উদ্যোগে আমরা পুরোনো আরেফিনকে আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন— এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে আমি নিজেই আবেগাপ্লুত হয়ে উঠেছিলাম। ঈদে দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০–কে বিশেষ যত্নে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি।”
এই সিজনে প্রধান চরিত্রে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, এবং এবার যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া আছে স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও অনেকে। দর্শকরা নতুন গল্পের সঙ্গে পুরোনো বন্ধুদের আবেগঘন মিশ্রণ দেখতে পাচ্ছেন, যা ঈদের আনন্দকে এক ভিন্ন মাত্রা যোগ করবে।






