সাদাকাতের ঝড় থামিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

পাকিস্তান অলআউট ২৭৪, সিরিজ নিশ্চিত করতে ২৭৫ দরকার বাংলাদেশের।
টুইট প্রতিবেদক: মিরপুরে শুরুতে দারুণ ছন্দে থাকলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাতের ঝড়ো ইনিংসের পরও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানেই থামতে হয়েছে সফরকারীদের।
সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।
মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। দ্রুত রান তুলতে থাকা এই ওপেনার সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৪৬ বলে ৭৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত।
এরপর দ্রুতই ছন্দ হারায় সফরকারীরা। সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার কিছু পরই শামিল হুসাইন ২২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।
এই অবস্থায় দলকে সামাল দেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। দুজন মিলে ইনিংসটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি পূর্ণ করেন সালমান আগা।
তবে ইনিংসের ৩৯তম ওভারে ঘটে নাটকীয় একটি ঘটনা। মেহেদী হাসান মিরাজের বলে রিজওয়ানের শট থামিয়ে দেন বোলার নিজেই। এ সময় ক্রিজের বাইরে ছিলেন সালমান আগা। বলটি দুজনের কাছেই থাকায় সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বল ধরার আগেই মিরাজ স্টাম্পে আঘাত করেন। থার্ড আম্পায়ার সালমানকে আউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠেই হেলমেট ছুঁড়ে মারেন সালমান আগা। পরে সাজঘরের পথে হতাশা প্রকাশ করেন তিনি। অন্য প্রান্তে থাকা রিজওয়ান ৪৪ রান করে রানআউট হন।
শেষ দিকে আর বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। ফলে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানেই থামে পাকিস্তান। সিরিজ নিশ্চিত করতে এখন বাংলাদেশের প্রয়োজন ২৭৫ রান।






