সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে: স্পিকার

ওয়াকআউটকে প্রচলিত সংসদীয় রীতি বললেন হাফিজ উদ্দিন
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত সংসদীয় রীতি হলেও স্লোগান দেওয়া ঠিক নয়।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনও ওয়াকআউট করেছি। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে।
তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং ভবিষ্যতেও তারা এর বেশি কিছু করবেন না বলে আশা করেন।
রাষ্ট্রপতি প্রসঙ্গে মন্তব্য নয়
আরেক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সংসদ পরিচালনায় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ারের একটি নিরপেক্ষ ভূমিকা থাকে, সংসদ পরিচালনায়ও আমাদের সেই ভূমিকা থাকবে।
গণতান্ত্রিক শক্তিকে ঐক্যের আহ্বান
স্পিকার আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন ওই শক্তির পুনরুত্থান না হয়, সে জন্য সব গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।






