প্রধানমন্ত্রী ১৬৪ ক্রীড়াবিদকে সংবর্ধনা দিবে

স্থায়ী বেতন কাঠামো ও নতুন প্রতিভা চিহ্নিতকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনে যুগান্তকারী উদ্যোগ।

টুইট প্রতিবেদক: পেশাদারিত্ব ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে দেশের জন্য সাফল্য বয়ে আনা ১৬৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করবেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জাতীয় পর্যায়ের ৫০০ জন খেলোয়াড়কে স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনা হবে। “সংবর্ধনার মাধ্যমে এই প্রক্রিয়ার সূচনা হবে। এতে তৃণমূল পর্যায়ের অভিভাবকরা তাদের সন্তানদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত হবেন,তিনি বলেন।

তাছাড়া, প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্প। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধন করবেন।

ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনূর্ধ্ব ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্টের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তির জন্য খেলোয়াড়দের আবেদন করতে হবে না; মন্ত্রণালয়ের কমিটি সেরা খেলোয়াড়দের বাছাই করে পুরস্কৃত করবে। এই উদ্যোগগুলো দেশের ক্রীড়াঙ্গনের কাঠামোকে শক্তিশালী করতে এবং খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মাইলফলক হিসেবে কাজ করবে।