রংপুরে ক্যানেলে ডুবে শিশুর মৃত্যু

সকাল থেকে নিখোঁজ, বিকেলে ডালিয়া ক্যানেল থেকে মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): বৃহস্পতিবার (১২ মার্চ) রংপুরের তারাগঞ্জ উপজেলায় ক্যানেলের পানিতে ডুবে সুবহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবহান দৌলতপুর এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই শিশু সুবহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে চারটার দিকে দৌলতপুর থানাপাড়া এলাকার ডালিয়া ক্যানেলের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সুবহানের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় ক্যানেল ও পানিপ্রবাহের আশপাশে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।






