টিজারেই তাণ্ডব শাকিব খানের

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার প্রিব্লাস্ট টিজারে অ্যাকশন অবতারে ঢালিউড সুপারস্টার।
টুইট প্রতিবেদক: ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমাগুলোর তালিকায় থাকা ‘প্রিন্স: ওয়ান্স আপন দ্যা টাইম ইন ঢাকার টিজার অবশেষে প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতারা ‘প্রিব্লাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
টিজারে গ্যাংস্টারের চরিত্রে হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। লম্বা বাদামি চুল ও দাড়িতে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া এবং তীব্র অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষকে মোকাবিলা করতে দেখা যায় তাকে।
টিজারে শাকিব খানের আরেকটি লুকেরও ঝলক রয়েছে, যেখানে তার চুল ছোট করে দেখা যায়। পাশাপাশি বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া সংক্ষিপ্ত উপস্থিতিতে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকেও।
টিজারের শেষদিকে শাকিব খানের কণ্ঠে একটি সংলাপ শোনা যায়, “আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”
নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ আরও অনেকে।
চলতি ঈদে বড় পর্দায় মুক্তির লক্ষ্যেই সিনেমাটির প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






