হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি

ত্রয়োদশ সংসদে ভাষণে জুলাই-আগস্ট অভ্যুত্থানের কথা স্মরণ

টুইট ডেস্ক: দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।

নতুন সরকারকে অভিনন্দন

রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান সংসদের যাত্রা শুরু হয়েছে।

অভ্যুত্থানে আহতদের সহায়তা

রাষ্ট্রপতি তার ভাষণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, ওই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১ হাজার ২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে বলে জানান তিনি।

স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ

শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ হিসেবে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

অর্থনীতির স্থিতিশীলতার কথা

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে দেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে নেমেছে এবং সামনের দিনগুলোতে তা আরও কমবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানান তিনি।

অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ

রাষ্ট্রপতি বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজারে হওয়া অনিয়ম তদন্তে একটি পৃথক কমিশন গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

তার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।