রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে সংসদ ত্যাগ
টুইট ডেস্ক: জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে গেলে স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিতে হাউজে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে তারা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
বিরোধী সদস্যদের দেওয়া স্লোগানের মধ্যে ছিল ‘কিলার চুপ্পু, বয়কট বয়কট’, ‘গেট আউট, গেট আউট’, ‘কিলার চুপ্পু গেট আউট’, ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান।
তবে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। এ সময় তারা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে নয়।
ওয়াকআউটের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন সংসদ কক্ষে।






