রংপুরে অবৈধ মাটি কাটার দায়ে দুইজনকে দণ্ড: লাখ টাকা জরিমানা

আলমপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অনুমতি ছাড়াই মাটি উত্তোলনের দায়ে তাৎক্ষণিক দণ্ড!
আব্দুল্লাহিল শাহীন (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে মো. তারিকুল ইসলাম (৩৮) ও মো. হুমায়ুন কবির (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. তারিকুল ইসলাম মধুরামপুর সরকারপাড়া, ফাজিলপুর এলাকার বাসিন্দা। তার পিতা মো. রফিকুল ইসলাম। অপর দণ্ডপ্রাপ্ত মো. হুমায়ুন কবির খোর্দ্দ বেলাইচন্ডী সর্দারপাড়া, দিলালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত জহর উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।






