মৃত্যুচিন্তার বার্তা নিয়ে এলো নতুন নাশিদ

তারিক বিন আজাদের কণ্ঠে ‘পালানোর উপায় নাই’, রমজানে শ্রোতাদের ভাবনায় ডুবিয়েছে মরমি সুর।

টুইট প্রতিবেদক: রমজানের আধ্যাত্মিক আবহে প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী তারিক বিন আজাদের নতুন মরমি নাশিদ ‘পালানোর উপায় নাই’। মানুষের অনিবার্য মৃত্যু ও দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নাশিদ ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে নাশিদটি প্রকাশ করা হয়। গীতিকার মাসুম বিল্লাহর কথায় নাশিদটির সুর করেছেন নিজেই তারিক বিন আজাদ। সংগীত বিন্যাস করেছেন ফজলে রাব্বি। ভিডিও ধারণ করেছেন আহমেদ সাইদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ আলেম আব্দুল্লাহ আল মামুন।

নাশিদটির মূল ভাবনায় উঠে এসেছে মানুষের জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতা। দুনিয়ার মোহ ও ভোগের আকর্ষণে মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, একসময় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে,এই গভীর সত্যকে স্মরণ করিয়ে দেয় ‘পালানোর উপায় নাই’।

নতুন নাশিদ প্রসঙ্গে তারিক বিন আজাদ বলেন, মানুষের উচিত অস্থায়ী জীবনে স্থায়ী কাজ করা এবং পরকালীন শান্তির জন্য নিজেকে প্রস্তুত রাখা। এই নাশিদের মাধ্যমে মানুষের অন্তরে দুনিয়ার লোভ ও মোহ থেকে ফিরে এসে পরজগতের কথা স্মরণ করার আহ্বান জানানো হয়েছে।

রমজানের সংযমের সময়ে নাশিদটি শ্রোতাদের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পেশায় প্রভাষক হলেও সৃষ্টিশীল সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন তারিক বিন আজাদ। এখন পর্যন্ত প্রায় একশ’র কাছাকাছি নাশিদে কণ্ঠ ও সুর দিয়েছেন তিনি। আধ্যাত্মিক ভাবনা ও জীবনের গভীর উপলব্ধিকে কেন্দ্র করে তার নাশিদগুলো ইতোমধ্যে তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

রমজানের আবহে প্রকাশিত ‘পালানোর উপায় নাই’ সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন যা একদিকে সংগীত, অন্যদিকে জীবনের অনিবার্য সত্যকে স্মরণ করিয়ে দেয়ার মরমি বার্তা বহন করছে।