বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল,১৫ কার্যদিবসে প্রতিবেদন দিতে নির্দেশ।
টুইট ডেস্ক: ২০২৫ সালে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ছিল হাজারো অভিযোগ।সেই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।৫ সদস্য বিশিষ্ট এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনএসসি।
জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তৈরি করা এই তদন্ত কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দিয়েছে এনএসসি। সকলের কাছ থেকে ব্যাখ্যা ও নথিপত্র যাচাই করে সকল ধরনের তদন্ত করার নির্দেশনা দিয়েছে এনএসসি।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আরও আছেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে এই কমিটি। এই কমিটির দেওয়া সুপারিশের উপর ভিত্তি করে নির্ধারণ হবে বিসিবির ভবিষ্যত।






