এমপিদের প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বসতবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর।
টুইট ডেস্ক: ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের এমপিসহ সকল জনপ্রতিনিধিদের প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে সারাদেশে এই অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সচেতন হলে এই মরণঘাতী রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এডিস মশার কামড়ের ফলে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই আগে থেকে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরও বলেছেন, বর্ষাকালে জমে থাকা পানি যেমন ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ির ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননের উৎস। এসব পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং পানির ট্যাংক ঢেকে রাখাও জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের নীতি হলো “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর”প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।’
তিনি সব নাগরিককে সতর্ক করে বলেছেন, ‘কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজেরা নিজেদের রক্ষা করুন, অপরকে রক্ষা করুন।’






