উড়ন্ত সূচনা বাংলাদেশের

নাহিদের আগুনে বোলিং ও তানজিদের ঝড়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা

টুইট ডেস্ক: মিরপুরে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ন্যাশনল ক্রিকেট টিম। তরুণ পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর ওপেনার তানজিল  হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানি ন্যাশনল টিমকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। হাতে থাকে ৮ উইকেট ও ২০৯ বল যা ম্যাচের একতরফা চিত্রই স্পষ্ট করে দেয়।

বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার তানজিদ হাসান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও সাতটি চার। অন্যদিকে ৩৩ বলে ২৭ রান করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় উইকেটে দুজনের ৮২ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেয়। শেষদিকে লিটন দাসকে  সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন তানজিদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। ইনিংসের দশম ওভার থেকে শুরু হয় তার বিধ্বংসী স্পেল। একে একে ফিরিয়ে দেন ওপেনার ফারহান, শামিল হোসেন, মাজ সাদকাত ও মোহাম্মদ রিজওয়ানকে।

নাহিদের গতির সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পরে টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকেও ফেরান তিনি, পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। ২৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই তরুণ পেসার।

নাহিদের পর আক্রমণে এসে সাফল্য পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আব্দুল সামাদ ও হুসাইন তালাতকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান।বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আফ্রিদি। এছাড়া ২৭ রান করেন ফারহান।

দাপুটে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই মাঠে আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (ফাহিম ৩৭, ফারহান ২৭; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৯)

বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, শান্ত ২৭)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: নাহিদ রানা