আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে: ইশরাক হোসেন

১৭ বছর দেশে গুম-খুনের রাজত্ব ছিল বলে অভিযোগ; মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনকে শক্তিশালী করার আহ্বান

টুইট ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছর দেশে গুম ও খুনের রাজত্ব চলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগ-এ অবস্থিত সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-এ আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যদি এগিয়ে যায়, তাহলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না।

তিনি আরও বলেন, দেশে যদি আবারও অস্ত্র হাতে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এই সংগঠনের সদস্যরা যেন দেশের স্বার্থে প্রস্তুত থাকতে পারে—সেভাবেই দলটিকে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সংগঠনটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।