গুলশানে পথচারীকে মারধর: সেই রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে; ভিডিও সরাতে নির্দেশ, না মানলে আইনি ব্যবস্থা
টুইট ডেস্ক: রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির-কে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এই নোটিশ পাঠান।
নোটিশে অনতিবিলম্বে এ ধরনের অশালীন কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সংশ্লিষ্ট ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা, ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, তা উপস্থাপন করতেও বলা হয়েছে।
লিগ্যাল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মনিকা কবির। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং অভিযোগ উঠেছে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভাইরাল ভিডিওটি যাচাই করতে পারে।






