ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

এডিস মশার প্রজনন রোধে জমে থাকা পানি পরিষ্কারের তাগিদ; ১৪ মার্চ থেকে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু।

টুইট ডেস্ক: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম হয় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার প্রজনন হতে পারে। তাই ড্রেন, ডোবা, নর্দমা কিংবা যেসব স্থানে পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ বা আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং পানির ট্যাংক ঢেকে রাখতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে। এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবে এবং জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো গেলে ভবিষ্যতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এজন্য তিনি সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।