হরমুজ প্রণালীর কাছে থাই জাহাজে হামলা

‘মায়ুরী নারি’ জাহাজে আগুন, ২৩ নাবিকের সবাই নিরাপদ; ওমান নৌবাহিনীর উদ্ধার অভিযান

বিশ্ব ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর কাছে থাইল্যান্ডের একটি বাল্কবাহী বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটির পেছনের অংশে তীব্র অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও জাহাজে থাকা ২৩ জন নাবিক সবাই নিরাপদ রয়েছেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, “মায়ুরী নারি” নামের প্রায় ৩০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন শুকনো পণ্যবাহী জাহাজটি থাই শিপিং কোম্পানি প্রেশিয়াস শিপিং পাবলিক কোম্পানি লিমিটেডের মালিকানাধীন ও পরিচালিত। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে ভারতের কান্ডলা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার মুখে পড়ে।

থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাচ রাত্তানাচাইপান জানান, বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ঘটনাটি সম্পর্কে সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে খবর পাওয়া যায়। হামলার ফলে জাহাজের পেছনের অংশে আগুন ধরে যায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের সব নাবিককে জরুরি ভিত্তিতে জাহাজ ত্যাগ করতে হয়।

পরবর্তীতে ওমানের নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২০ জন নাবিককে ওমানের খাসাব শহরে নিরাপদে নিয়ে যায়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বাকি তিন নাবিককে উদ্ধারের প্রক্রিয়াও চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো নাবিকের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, একই দিনে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় তিনটি পৃথক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে “মায়ুরী নারি” জাহাজটি ওমান উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে আঘাতের শিকার হয়।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো তেল ছড়িয়ে পড়া বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ অঞ্চলে জাহাজ চলাচল প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সূত্র জানিয়েছে।

এদিকে থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদার ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাহাজটির সব থাই নাবিককে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।